বিয়ের ছবি পোস্ট করলেন দীপিকা রণবীর সিং

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ০০:২০

এ যেন ঘোষিত গোপন বিয়ে হয়ে গেল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এর। দীর্ঘ ৫ বছরের প্রেম অবশেষে পরিণতি পেল বিয়েতে। ইতালিতে অনুষ্ঠিত হলো বিয়ে। যার অতিথিদের খাবার খরচই ৪ কোটি ছাড়িয়ে গেছে। দীপিকার মঙ্গলসুত্রের দাম প্রায় ২ কোটি রুপি। বিয়ের খবরের পাশাপাশি দীপ-বীরের বিয়ের আয়োজনের এসব খবরই বেশি শোনা যাচ্ছে।

গত বুধবার ইতালির স্থানীয় সময় সকাল ৭টার দিকে কনকানি রীতিতে বিয়ে হয় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। গতকাল হয় সিন্ধি রীতিতে বিয়ে। এর আগের দিন, অর্থাত্ মঙ্গলবার দিনের বেলা ছিল দীপ-বীরের মেহেদি অনুষ্ঠান। রাতে হয় আংটিবদল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল লেক কোমোর ডিল বালবিনেলো। দীপ-বীর চাননি তাদের আগে তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়ুক সবখানে। তাই বিয়েতে আমন্ত্রিত মাত্র ৪০ জন অতিথিকে অনুরোধ করেছিলেন কোনো ছবি না তোলার। এমনকি নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেওয়া ছিল, সব অতিথি ও রিসোর্ট কর্মীদের হাতে নিরাপত্তার বিশেষ ব্যান্ড পরিয়ে দেওয়ার জন্য এবং সবার ফোনের ক্যামেরায় বিশেষ স্টিকার লাগিয়ে দেওয়ার জন্য, যাতে ফোন দিয়েও কেউ ছবি তুলতে না পারেন। তবে বর্ণাঢ্য এই বিয়ের অফিসিয়াল ছবি প্রথম রণবীরের অফিসিয়াল ফেসবুকে বর নিজেই পোস্ট করেন।

এদিকে বিয়েতে বলিউডের তেমন কেউ নিমন্ত্রণ পাননি। সম্প্রতি আরেক আলোচিত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর নিকের বিয়েতেও তেমন কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এ নিয়ে শাহরুখ খান সম্প্রতি তার জিরো ছবির ক্যাম্পেইনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, দীপিকা প্রিয়াঙ্কারা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে আমাকেও আরেকটি মহা আয়োজনে বিয়ে করতে হবে। যেখানে আমি ওদেরকে দাওয়াত দেবো না।