বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত

জাইন সিদ্দিকীর পৈতৃক ভিটা নান্দাইলে মিষ্টি বিতরণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৫

ময়মনসিংহ প্রতিনিধি ও নান্দাইল সংবাদদাতা

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে তার পৈতৃক ভিটা ময়মনসিংহের নান্দাইলের মাদারীনগর গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা। গ্রামবাসীর মতে, জাইন সিদ্দিকী শুধু নান্দাইলের নয়, ময়মনসিংহের গর্ব, বাংলাদেশের গর্ব। তার নিয়োগের খবরে এলাকায় মিষ্টি বিতরণের পাশাপাশি মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠান হয়েছে। গ্রামবাসীর প্রত্যাশা, জাইন গ্রামের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়াবেন।

জাইন সিদ্দিকী নিয়োগ পেয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে। জাইনের দাদার নাম আবু বক্কর সিদ্দিক। আর জাইনের বাবার নাম মোস্তাক আহমেদ সিদ্দিকী। চিকিত্সক মোস্তাক আহমেদ ও হেলেনা সিদ্দিকী দম্পতি প্রায় ৩৩ বছর আগে তারা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রেই জন্ম জাইনের। জাইন সিদ্দিকী বড় হয়েছেন নিউ ইয়র্ক শহরে। পড়াশোনা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুলে। বর্তমানে তিনি জো বাইডেন-কমলা হ্যারিস ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্ক প্রস্তুতি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাইনের পরিবারের লোকজন জানান, ২০১৬ সালে তার বাবার সঙ্গে মাদারীনগর গ্রামে ঘুরে গিয়েছেন জাইন। তবে বর্তমানে তার পরিবারের কেউ ঐ গ্রামে থাকেন না। বাড়িতে থাকেন জাইনের চাচাতো ভাই ও বংশের অন্যরা। জাইন সিদ্দিকীর চাচা মো. বাক্কী মিয়া জানান, ২০১৬ সালে মোস্তাক আহমেদ সিদ্দিকী যখন মাদারীনগর গ্রামে আসেন, তখন জাইন তার সঙ্গে ছিলেন।

মোস্তাক আহম্মেদ সিদ্দিকীর চাচাতো ভাই রতন সিদ্দিকী বলেন, তাদের সম্পত্তি আমিই দেখাশোনা করি। জাইনের এক ফুপু নাহিদ পারভিন মনির বিয়ে হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই আবদুল হাইয়ের সঙ্গে। স্বামীর মৃত্যুর পর নাহিদ পারভিন মনি রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জাইনের বাবা মোবাইলে জাইনের খুশির খবরটি জানান। এরপর থেকে গ্রামে আনন্দের বন্যা বইছে।

জাইন সিদ্দিকীর ফুপু নাহিদ পারভীন মনি বলেন, জাইন যুক্তরাষ্ট্রেই জন্মগ্রহণ করেছে। জাইন সিদ্দিকীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাইন যুক্তরাষ্ট্রে এত বড় একটি পদে নিয়োগ পাওয়ায় তিনি খুব আনন্দিত জানিয়ে বলেন, আমরা আশাবাদী জাইন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।