রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:১৯

রাজধানীর আদাবর থানাধীন সড়ক ও জনপথ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য শহিদুল ইসলাম (২৭) মারা গেছেন। সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শহিদুল রাজারবাগ পুলিশ লাইনের ৪ নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর কোতোয়ালি থানার কিসমত ভুঁইয়াপাড়ায়। সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শহিদুলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার জানান, গত সোমবার সকালে সড়ক ও জনপথ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহন পুলিশ সদস্য শহিদুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। এরপর সেখানে তার অস্ত্রোপচার করা হয়। চিকিত্সাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে তার মৃত্যু হয়।