শামস সুমনের নতুন গান ‘সময়’

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:১০

সু ম না  ই স লা ম

 

নতুন গান নিয়ে আবারো আলোচনায় এসেছেন হানিফ সংকেতের ‘ইত্যাদি’খ্যাত সংগীতশিল্পী শামস সুমন। নতুন বছরের শুরুতে গত ২ জানুয়ারি যাত্রা শুরু হয় শামস সুমনের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Shams Sumon’ চ্যানেলে ‘শামস সুমন রেকর্ডস’র ব্যানারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘সময়’। গানটি লিখেছেন রোমান, সুর করেছেন শামস সুমন নিজেই এবং সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। গানটি প্রকাশের দিন থেকেই শ্রোতা-দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে গানটি এক লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শামসু সুমন বিশ্বাস করেন, যেভাবে তিনি দিনদিন সাড়া পাচ্ছেন তাতে কিছুদিনের মধ্যেই গানটি এক মিলিয়ন ভিউয়ার্স উপভোগ করবেন।

 শামস সুমন বলেন, ‘বলা যায় প্রায় দুই বছর পর নিজের সুর করা নতুন গান প্রকাশিত হলো। এতটা সাড়া পাব ভাবিনি। কোনোরকম বুস্ট ছাড়াই শ্রোতা-দর্শকের একান্ত ভালোলাগা দিনের পর দিন বাড়তে থাকবে এটা আমার ভাবনায় ছিল না। ‘সময়’ গানের এই শ্রোতাপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। গানটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার বিশ্বাস এই গান একটি মাইলফলক গান হিসেবেই রেকর্ড সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।’ ‘সময়’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাসানুর রজো জিমি। ২০১০ সালে ইত্যাদিতে গান গাওয়ার পর সঙ্গীতা থেকে পরপর ‘অদিতি’ ও ‘দিশেহারা’ শিরোনামে দু’টি অ্যালবাম প্রকাশিত হয়। কিছুটা সময় বিরতির পর ‘চিলেকোঠা’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়।