মা হ মু দু ল আ মি ন
জনপ্রিয় ধারাবাহিক নাটক সাজ্জাদ হোসেন দোদুলের ‘জমিদারবাড়ী’র শুটিং স্পট মানিকগঞ্জে সম্প্রতি অভিনেতা শহিদ আলমগীর, মিলন ভট্টাচার্যসহ প্রায় ২০ জন আহত হন। ‘জমিদারবাড়ী’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শহিদ আলমগীর। সেই বাড়িতে মিলন ভট্টাচার্য ও শহিদ আলমগীরের চলার সময় হঠাত্ করে মৌচাকের চাট খানিকটা খসে পড়লে শত শত মৌমাছি মিলন ও শহিদ আলমগীর সহ ইউনিটের সবার ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় পাশে একটি ঘরে আশ্রয় নেন মিলন সহ অন্যরা। কিন্তু ততক্ষণে তাদেরকে শত শত মৌমাছি কামড়াতে শুরু করে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই সাজ্জাদ হোসেন দোদুল মশাল তৈরি করে দলবল নিয়ে শিল্পী ও কলাকুশলীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্সার পর অন্যদের ছেড়ে দেওয়া হলেও মিলন ভট্টাচার্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। যে কারণে প্রায় চার ঘণ্টা শুটিং বন্ধ থাকে।
বৈশাখী টিভিতে ‘জমিদারবাড়ী’ ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার করা হয়। এতে অভিনয় করছেন আখম হাসান, নাদিয়া মিম, সিফাত, শিল্পী সরকার অপু, মোমেনা চৌধুরী, রাশেদ আহমেদ অপু, ইমতু সহ আরো অনেকে।
