কাগজের মতো মোড়ানো যাবে এলজি’র ৬৫ ইঞ্চি টিভি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:১৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী সিইএস এর আয়োজন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে খ্যাতনামা কোম্পানিগুলোর মতোই এলজি এনেছে আরেকটি আধুনিক পণ্য।  এলজির এই পণ্যটি হলো ৬৫ ইঞ্চি কাগজের মতো ভাজঁযোগ্য ৮কে রেজ্যুলেশনের টেলিভিশন।

এটি দেখতে লম্বাটে একটি বাক্সের মতো। এর মধ্যেই গোলাকার অবস্থায় ভাঁজ করা থাকে ১৬৫ সেন্টিমিটারের টেলিভিশনটি। টেলিভিশনটিতে ব্যবহার করা হয়েছে ৮কে রেজ্যুলেশনের ডিসপ্লে। ব্যবহারকারীরা রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বক্স থেকে বেড় করে নিতে পারবে সিনেমার পর্দার মতো এই টেলিভিশনটি। এতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। এলজির রোলেবল ওএলইডি প্রযুক্তির টেলিভিশনটি সহজেই স্থানান্তর করা যাবে যেকোনো জায়গায়।

টেলিভিশনটিতে ব্যবহার করা হয়েছে ১০০ ওয়াটের ডলবি প্রযুক্তির অ্যাটম স্পিকার। এছাড়াও টেলিভিশনটিতে রয়েছে আলাদা একটি ‘লাইন মুড’। লাইন মুড দিয়ে হোম থিয়েটার ও ডিসপ্লে আউটপুট নিয়ন্ত্রণ করা যাবে। তবে লাইন মুড দিয়ে ৬৫ ইঞ্চি টেলিভিশনের মাত্র এক চতুর্থাংশ দেখা যাবে। এলজির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মার্চেই তারা এই টেলিভিশনটি বাজারজাত শুরু করবে।