ভাঁজ করা যায় ফেনোর ডিসপ্লে। বিশ্বে প্রথম এমন ফোন বাজারজাত করে তাক লাগিয়েছে চীনা প্রতিষ্ঠান রোয়ালে। ফ্লেক্সপাই নামের এই ফোনে রয়েছে বেন্ডেবল ডিসপ্লে। সদ্য অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক শো-তে প্রদর্শিত হয়েছে এই ফোনটি। এটির বর্তমান বাজার মূল্য ১৩১৮ মার্কিন ডলার।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৭.৮ ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লে যা ১৮০ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যায় । ভাঁজ করা হলে এটি উভয় দিকে ২টি ৪ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হয়। চাইলে এর মধ্য থেকে যেকোনো একটি বন্ধ করে রাখা যায়। ভাঁজ করা হলে নিজে থেকে বদলে যায় ফোনটির ইন্টারফেস।
ফোনটির নির্মাতা প্রতিষ্ঠান রোয়ালে-এর দাবি, ২ লাখ বার পর্যন্ত ফোনটির ডিসপ্লে ভাঁজ করা যাবে। প্রতিদিন অন্তত ১শ’ বার ভাঁজ করলে ৫ বছর ব্যবহার করা যাবে এই ফোনটি। ফোনটির ডিসপ্লেতে কোনো কাচ ব্যবহার করা হয়নি বিধায় হাত থেকে পড়ে গেলেও এর ডিসপ্লে ভাঙবে না। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সব ফিচার। এগুলোর মধ্যে একটি ফিচার হলো-ফোনটি ভাঁজ করে দু’পাশে আলাদা সিম ব্যবহারের সুবিধা রয়েছে এবং ভাঁজ করে দু’দিকে গেম খেলতে পারেন ২ জন।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮৫৫ স্ন্যাপড্রাগনের অত্যাধুনিক প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৪ জিবি স্টোরেজ। বর্তমানে ফোনটির ৮জিবি/২৫৬জিবি ভার্সনের দুটি মডেল বাজারে উন্মুক্ত করা হয়েছে। ফোনটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ইউএসবি সি টাইপ পোর্ট এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই নির্ভর ওয়াটার ওএস।
