সেনবাগে স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:২২

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

সেনবাগ উপজেলার চিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গাজী শাহীন আক্তার ও তার মেয়ে উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক গাজী তুহিন আফরোজ কর্তৃক অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ, স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকার সর্বসাধারণ। রবিবার দুপুরে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি সোলেমান মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন মিলন, স্কুলের প্রধান শিক্ষক জালাল আহম্মদ, ছাতারপাইয়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি ও স্কুল কমিটির সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা, ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, স্কুল কমিটির সদস্য আবদুল মালেক, সদস্যা নাজমা বেগম, আবদুল খালেক মাস্টার ও আবদুর রহিম প্রমুখ।

অপরদিকে মানববন্ধন চলাকালে যুব মহিলা লীগ নেত্রী গাজী শাহিনা স্কুল মাঠে মাটি ভরাট ও দখলের বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্ছেদ করলে সকল অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে হবে।