আরামবাগের কোচ সুব্রত চলে গেছেন

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

আরামবাগ ক্রীড়া সংঘের ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য চলে গেছেন। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্ব হতে বিদায় নেওয়ার পরই তিনি কলকাতায় ফিরে যান। যদিও ক্লাব সাধারণ সম্পাদক জানিয়েছেন, কোচ ফিরবেন। সঙ্গে এটিও জানিয়েছেন, তারা নতুন কোচ খুঁজছেন। সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বললেন, ‘আমরা কোচ খুঁজছি। পাচ্ছি না। মনে হয়, তাকেই আনতে হবে।’ কোচ পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়ে গেলেও ফেডারেশন কাপে সুব্রত ভট্টাচার্যের পারফরম্যান্স ভালো লাগেনি আরামবাগের। তার ওপর নাকি বনিবনা হচ্ছিল না। কোচ বলে গেছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এলে মাথাটা ঠান্ডা হবে। ইয়াকুব আলী বললেন, ‘ঘুরে আসুক। মাথা ঠান্ডা হোক। এর মধ্যে আরেক ভারতীয় সহকারী কোচ চন্দন বলবীর দায়িত্ব পালন করবেন।’