নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও দোকান ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা বাজারের মুনমুন কনফেকশনারিতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আমিনুল ইসলাম কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আহত আমিনুল কিনারা গ্রামের মৌলভী ইদ্রিসের ছেলে।
ব্যবসায়ী আমিনুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার আমার ভাই দোকানের সামনের সড়কে পানি ছিটানোর সময় মাহফুজ মেম্বারের অনুসারী দুই তরুণের গায়ে পানি পড়ে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা মিলে বিষয়টি মীমাংসা করে দেয়। এর কিছুক্ষণ পর মেম্বার মাহফুজ তার দলবল নিয়ে এসে আমিনুলকে হুমকি-ধমকি দিয়ে চলে যায়। ঘটনার পর বিষয়টি বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ঢালুয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরকে জানায় আমার ভাই আমিনুল। চেয়ারম্যান স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠক করে একটি সুষ্ঠু সমাধান করে দেবেন বলে আমিনুলকে আশ্বস্ত করেন। কিন্তু এর আগেই মেম্বার মাহফুজ তার দলবল নিয়ে এসে আমার ভাইয়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, তিনি হামলার বিষয়ে কিছুই জানেন না। তবে এর আগে শুক্রবার বিকালে সড়কে দোকানি আমিনুল পানি ছিটানোর সময় তার এলাকার দুই তরুণের গায়ে পড়ে। এনিয়ে দু’পক্ষের মাঝে তর্কবিতর্কের একপর্যায়ে তিনি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর কী হয়েছে তিনি জানেন না।
এ ব্যাপারে মন্নারা বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। তবে স্থানীয়দের নিয়ে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কয়েকজন ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলামের ওপর হামলা চালিয়েছে এবং তার দোকান ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
