আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে যে কোনো পর্যায়ের নেতা এবং জনপ্রতিনিধিরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন।
সেতুমন্ত্রী বলেন, বিদ্রোহী ও তাদের মদতদাতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। করোনাকালে অসহায় মানুষের সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর মানবিক নেতৃত্বে যে উদ্যোগ চালানো হয়েছিল তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ বিএনপি বরাবরের মতো মিথ্যা বলছে, সরকার নাকি করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিল লাখ লাখ মানুষ না খেয়ে, বিনা চিকিত্সায় রাস্তায় মরে পড়ে থাকবে, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব এবং আল্লাহর রহমতে এখনো তা হয়নি বলেই বিএনপি নেতাদের আক্ষেপ। তিনি বলেন, বিএনপি করোনা টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করছে।
তিনি বলেন, করোনার টিকা সংগ্রহ, ব্যবস্থাপনা ও টিকা প্রদান কাজও স্বচ্ছতা, সফলতার সঙ্গে সম্পন্ন করবে শেখ হাসিনার সরকার ইনশাআল্লাহ।
পুরুষ ও নারী শ্রমিকদের বেতনবৈষম্য দূর করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, জানান মন্ত্রী। আগামী ৩০ জানুয়ারি বেলা ১১টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৫ম ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বলে জানান ওবায়দুল কাদের।
