বিয়ের পরদিনই স্বামীর বেডরুমে নববধূর লাশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২২:৫১

প্রেম করে বিয়ে করার পরদিনই স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক কলেজ শিক্ষার্থীর। স্থানীয় জোবেদা রুবেয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১) স্বামীর শোবারঘরে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ায় মৃত গিয়াসউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগের দিন গিয়াসউদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইমের (৩৪) সঙ্গে তন্বীর বিয়ে হয়।

তন্বী একই পৌরসভার জরাশাহীবাগ এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাশেম খানশুর এবং বাসাইল সদর ইউনিয়নের সাবেক                মহিলা মেম্বার বিউটি আক্তারের ছোট মেয়ে। তবে কী কারণে ঐ তরুণী স্বামীর বাড়িতে শোবারঘরে ‘আত্মহত্যা’ করেছেন, সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। মৃত্যুর বিষয়ে উভয় পরিবার পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাশাপাশি এলাকার বাসিন্দা হিসেবে সাইম ও তন্বীর পরিবারের মধ্যে ভালো জানাশোনা রয়েছে। পারিবারিক সুসম্পর্ক ও পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বিষয়টি তন্বীর পরিবার জানার পর ভালোভাবে গ্রহণ করেনি। বিভিন্ন জায়গা থেকে তন্বী ও সাইমের বিয়ের প্রস্তাব এলেও উভয়ের কেউই বিয়ে করেননি। একপর্যায়ে গত মঙ্গলবার দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। কিন্তু ফুলশয্যার পরদিনই লাশ হয়ে স্বামীর বাড়ি ছাড়লেন তন্বী!

তন্বীর দেবর শাকিল খান জানান, ‘ভাই-ভাবি উভয়েই সাবালক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভাবির (তন্বী) পরিবার বিয়ের কাবিনসহ অনুষ্ঠানিকতা শেষ করলেও মেয়ের প্রতি তারা নাখোশ ছিলেন। আজ (বুধবার) সকালে যখন ভাবি আমাকে ও আমার ভাই সাইমকে বাজার করতে পাঠান, তখন তাকে খুব বিষণ্ন লাগছিল। ধারণা করা হচ্ছে, সকালে তার বাবা-মায়ের সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করার কারণে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছেন।’

তন্বীর বাবা হাশেম খানশুর বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে বিয়ের কাজ সম্পন্ন করেছি। বিয়ের মাত্র এক রাতের মাথায় মেয়ের মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক এবং এটা স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।’ তিনি দাবি করেন, ‘আমার মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে আইনগত বিষয়টি দেখব।’

এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।