অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০২:১০

গ্রেফতারকৃত ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামির জামিন করিয়ে দিতে অর্থের লেনদেনসহ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক ইব্রাহিমের নেতৃত্বাধীন একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহা. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জান্নাতুল ফেরদৌসী রূপাকে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তলব করেছিল। তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যান। আদালত তাকে ২৭ জানুয়ারির মধ্যে দুদকে জবাব দেওয়ার নির্দেশ দেন। তিনি গতকাল দুপুর ২টায় দুদকে এসেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা তার বক্তব্য গ্রহণ করেছেন। এদিকে গতকাল দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। কাউকে জামিন দেওয়া একমাত্র আদালতের এক্তিয়ার।’