মোরেলগঞ্জে শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজবাড়িয়া গ্রাম থেকে সোমবার করাত মিলের শ্রমিক কাবুল মোল্লার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কাবুল মোল্লা ওই গ্রামের আব্দুল গফ্ফার মোল্লার ছেলে।

কাবুল মোল্লা রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শীবাওয়া গ্রামের কবির হোসেনের করাত মিলের শ্রমিক। এক সপ্তাহ আগে তিনি মিলে শ্রমিক হিসেবে যোগদান করেন। এর আগে দৈবজ্ঞহাটি ইউনিয়নের নব্বইরশি এলাকার করাত কলের শ্রমিক ছিলেন। রবিবার রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সোমবার সকালে বাড়ির পেছনের ধানের মাঠে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোরেলগঞ্জ সার্কেল মোঃ রিয়াজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।