ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চার বছরের এক শিশু নিহত এবং ৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, দৌলতপুর গ্রামের হারুন মিয়া এবং রোমান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গতকাল সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে রোমান মিয়ার লোকজন হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় টেঁটাবিদ্ধ হয়ে হারুন মিয়ার মেয়ে শিশু আমেনা বেগম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় হারুন মিয়া, সেলিনা আক্তার, মোছাঃ ছালেকা এবং বেদনা খাতুন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।
