ফুলবাগানে হলুদ পরি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪১

হলুদ পরি ফুলবাগানে পড়তে বসে। পড়াশোনা করতে তার খুব ভালো লাগে। হলুদ পরি কোনো আকাশের পরি নয়। তোমাদের মতোই এক ছোট মেয়ে। গায়ের রং কাঁচা হলুদের মতো। তাই বাবা-মা নাম রেখেছেন হলুদ পরি।

হলুদ পরিকে সবাই খুব ভালোবাসে। ফুলেরা প্রশংসা করে। প্রজাপতি কথা বলতে আসে। হলুদ পরি প্রজাপতিকে লেখাপড়া শেখায়। অ, আ, ই, ঈ, ক, খ, গ, ঘ, অ, ই, ঈ, উ, ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪। একদিন প্রজাপতি বলল, জানো হলুদ পরি, আমি আমার নাম বানান করে লিখতে পারি, পড়তে পারি। হলুদ পরি মহাখুশি। প্রজাপতি রঙিন ডানা দিয়ে সবুজ ঘাসের ওপর লিখল। আমার নাম নীলা। মা আদর করে নিলু বলে ডাকেন। একদল মৌমাছি আর পাখি এসব দেখছিল। তাদের ঈর্ষা হলো। তারা ছুটে এল। হলুদ পরি আমাদেরকেও লেখাপড়া শেখাও। হলুদ পরি বলল, অবশ্যই শেখাব। মৌমাছি আর পাখিরা বলল, নিলুকে অনেক শিখিয়েছ। ও আমাদের চেয়ে এগিয়ে যাবে তা হবে না তা হবে না। হলুদ পরি বলল, আমি সবাইকে ভালোবাসি। করি না তাই রেষারেষি। মৌমাছি-পাখিরা প্রজাপতির সাথে ঝগড়া শুরু করল। হলুদ পরি বলল, ঝগড়া কোরো না। মিলেমিশে থাকো। মৌমাছি-পাখিরা শুনল না। হলুদ পরি বাগান থেকে চলে গেল।

দু’দিন ধরে হলুদ পরির দেখা নেই। নিলু প্রজাপতির মন খারাপ। মৌমাছি-পাখিদেরও মন খারাপ। ফুলেদেরও মন খারাপ। আজ সবার মন খারাপ। আজ মন খারাপের দিন।

আকাশে থৈ থৈ নীল। সাদা সাদা মেঘ। সবাই ভাবল আজ হলুদ পরি বাগানে আসবে। হলুদ পরি এল না। তার পরের দিনও এল না। তার পরের দিনও এল না। মৌমাছি, ফুল, পাখি, প্রজাপতি ভাবনায় পড়ে গেল। কোথায় আমাদের হলুদ পরি? কোথায়? সবাই ডাকতে লাগল। হলুদ পরি, হলুদ পরি, ফিরে এসো। বাতাস হলুদ পরির কাছে এ ডাক পৌছে দিল। হলুদ পরি ছুটে এল। ফুলেরা স্বাগত জানাল। নিলু প্রজাপতি খুশিতে কেঁদে ফেলল। মৌমাছি পাখিরা করুণ সুরে বলল, ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হলুদ পরি হাসতে হাসতে বলল, আমি তোমাদের ওপর রাগ করিনি। মন খারাপ করেছি।

এসো লেখাপড়া করি

আলোকিত জীবন গড়ি।

মিলেমিশে থাকি

হাতে হাত রাখি।