সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি—শায়ান মির্জা

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪১

ক্লাসে ফার্স্ট হতে না পারলে আমার অনেক বন্ধু ভীষণ মন খারাপ করে থাকে। আমারও যে একেবারে মন খারাপ হয় না তা কিন্তু নয়, কিন্তু আমি নতুন উদ্যমে শুরু করতে চাই—যেন আমার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আমার মনখারাপ হয় তখন যখন দেখি আমার মতো অনেক বাচ্চা স্কুলে যেতে পারে না, তিনবেলা খাবার খেতে পারে না। আমরা যারা মডেলিং করি, অভিনয় করি—সেই ছোট্ট বন্ধুরা মিলে একটি সংগঠন করেছি, নাম দিয়েছি ‘লিটল জুয়েলস এন্ড অ্যাঞ্জেলস’। আমরা এই গ্রুপের মাধ্যমে একটি দৃঢ় বন্ধন তৈরি করতে চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমরা অবহেলিত, বঞ্চিত শিশু-কিশোর-কিশোরীদের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতিবোধ তৈরি না হলে এই উন্নয়ন দিয়ে আমরা কী করব? পারস্পরিক বন্ধনহীন উন্নত সমাজের চেয়ে আমরা বরং পারস্পরিক বন্ধনযুক্ত সাধারণ সমাজ বেশি পছন্দ করি। সেই সমাজে একে অন্যের সুখে-দুঃখে সাথী হয়। করোনার সময়ে একইসাথে আমরা দেখেছি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, এবং পাশাপাশি ভালোবাসাহীন স্বার্থপরতা। করোনায় আক্রান্ত হয়ে  মারা যাওয়া কেউ কেউ আপনজনের সান্নিধ্য পায়নি বরং অচেনাদের ভালোবাসায় শেষ বিদায় নিয়েছে। আমার কিছু বন্ধু নিজেদের জমানো অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যা আমাকে মুগ্ধ করেছে। আমাদের প্রজন্মের মধ্যে এই ভালো গুণ যত বৃদ্ধি পাবে আমাদের আগামীর বিশ্ব ততই সুন্দর হবে। একটি সুন্দর পৃথিবী গড়তে হলে সবার আগে নিজের মনকে সুন্দর করতে হবে। আমিও তেমনই একটি সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন দেখি।