শিবগঞ্জ উপজেলায় ২৫ লাখ টাকা ছিনতাই মামলার আসামি জুয়েল নামে এক ব্যক্তিকে জেলা গোয়েন্দা পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে। গত রবিবার রাত আনুমানিক একটার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে এই ঘটনা ঘটে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাতে শিবগঞ্জ উপজেলার মশলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবি পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইয়াছিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইয়াছিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ইয়াছিনের আদালতে দেয়া স্বীকারোক্তির সূত্র ধরে জেলা ডিবির ওসির নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত আনুমানিক একটার দিকে এই মামলার আরেক আসামিকে ধরতে ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযান চালায়। শিবগঞ্জের বিহার গ্রামের পশ্চিম পাড়ার জনৈক হাফিজারের বাড়ির নিকট ডিবি পুলিশ পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তার হাতে একটি ওয়ান শ্যূটার গান এবং ৩.৩ রাইফেলের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে সে জানায় তার নাম জুয়েল। সে একই এলাকার মৃত আয়েজ ফকিরের ছেলে। সে মশলা গবেষণা কেন্দ্রের সামনের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে লুণ্ঠিত টাকার ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। সে বর্তমানে শজিমেক হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিত্সাধীন রয়েছে। ঘটনায় আহত ডিবির কনস্টেবল আছমত আলীকে পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
