সে এক শিশু, না ফেরেশতা
আকাশ থেকে নামলো সরাসরি,
যেই কারণে মাথায় এত
উর্বরতা করে গড়াগড়ি!
ইশকুলে নয়, ঘরেই শেখে
মাথাধরা অঙ্ক ও বিজ্ঞান
যা শ্রবণে অনেক শ্রোতাই
থমকে দাঁড়ায়, গরমও হয় কান!
পাঁচ বছরের একটি শিশু
কী যে পারে, প্রশ্ন করলেই বুঝবে,
গরলটাকে সরল করে
বুঝিয়ে দেয়—পরেও কি খুঁত খুঁজবে?
বিজ্ঞানীদের জিজ্ঞাসাতেও
যা বলে তা পানির মতো সোজা,
পা কাঁপে না, ভাবেও না কেউ
তার ওপরে চাপিয়েছে বোঝা;
বরং শক্ত সমস্যাকে
মোমের মতো গালিয়ে দেয় ব্যাখ্যা,
সবাই বলে, সাবাশ সাবাশ,
ওর সাথে কেউ দেবে কি আর টেক্কা?
সেই শিশুটি বাংলাদেশের
চিটাগাঙের, থাকে দূরের দেশে,
আশায় আছি, বড়ো হয়ে
পুবাকাশে উঠবে অধিক হেসে।
