পাইকগাছায় ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। পুলিশ যুবলীগ নেতাসহ উভয়পক্ষের সাতজনকে আটক করেছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বয়রা মৌজার একটি চিংড়ি ঘের নিয়ে ঘোষাল গ্রামের শওকত গাজী গংদের সাথে সরল গ্রামের আব্দুল হাকিম গংদের সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার সকালে হাকিম গংদের লোকজন উক্ত চিংড়ি ঘের জবরদখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনায় শওকত গাজীর ছেলে মামুন গাজী বাদী হয়ে শফিকুল ইসলামসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে থানায় মামলা করে। অপরদিকে শামীমা সুলতানা শান্তা বাদী হয়ে মঞ্জুয়ারাসহ ৯ জনের নাম উল্লেখ ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে পাল্টা মামলা করে। এ ঘটনায় পুলিশ যুবলীগ নেতা শফিকুল ইসলাম, শেখ আব্দুল হাকিম, আমিনুল ইসলাম ডাবলু, গোলাম রব্বানী, মেহেদী হাসান, আল-আমিন গাজী ও রোজিনা বেগমসহ দুই মামলার উভয়পক্ষের সাতজনকে আটক করে। আটককৃতদের আদালতে পাঠানো হয় বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান।