আমি তাকে চিনি
তার তারুণ্যের রৌদ্রদিন দেখেছি অনেক
অক্ষরের বীজ থেকে শস্যদানা মননভূমিতে
পুত্রের প্রতি মাধ্যাকর্ষণ কী অসীম
স্ত্রীকে দিয়েছিলো আঙুলের আশ্চর্য চিরুনি
তাকে চিনি আবেগের অগ্নিগিরি
নির্ভয় উল্কা শলাকা
সাপের সঙ্গমে গাঁথা কণ্ঠ
গল্পে ঠাসা অন্ধকার
মুখভর্তি রাজধানী
প্রতিজ্ঞাবদ্ধ বিজ্ঞাপন
জীবনের নিজস্ব নদী আছে
বালি ও শামুক
প্রতিটি ঢেউয়ের বাঁকে ভাঙনের স্বর
তাকে চিনি প্রথা ছেঁড়া আগুনের পাখি
প্রবাল দুঃখ থেকে জেগে ওঠা দারুচিনি দ্বীপ
সর্বনাশ চোখে নিয়ে বসে থাকা দগ্ধ একিলিস
