অতলে পাখি ডাকে

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪৮

পাখি কেন ডাকে, পাখিটি কেন ডাকে

কেন এমন নিদাঘ খাঁখাঁ দুপুর পাখিটির ঠোঁটে?

কেন বহুদূর কার্ডিগানে খেলা করে মায়াবী শীত

দুরন্ত কিশোর কেন খোঁজে রাতের উম?

 

খরানের দিনে তো ভাসে না জলডোবা পদ্মপুকুর?

 

খেতের আলে লুটিয়ে ছিলো মাঘের পূর্ণিমা

ব্রিজের গোপনে জমেছিলো সুখের গর্বিত খোসা।

ভুল, হবে হয়তো ভুল বেল-বেলিফুল

ভুল মাথা নুয়ে দাঁতেকাটা নখের লাজুকতা

যে যার মতো গুটালো প্রেমের হলুদ পাতা

শামুকেই নাকি কেটেছে মূলত পায়ের রঙিন।

 

পথ চিনেই গেছে পথে ছিলো যারা

তাদের নাভিতে খেলে সোনালি দিনের হাত

বানিয়েছে তারা পাহাড়ে দশতলার ছাদে ছায়াভরা চাঁদ

দীর্ঘ আলোর গম্বুজে যুগল স্নিগ্ধ স্নান।

 

তবে কেন অতলে ডাকাডাকি, বালি ওড়া ঝড়

কেন দাঙ্গাভাঙা ঘর বিষাদে ভরা বিজন দুপুর!