কুমিল্লায় দুধ মেহার বিবি (৮০) নামে এক বৃদ্ধা খালাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ভাগ্নি রুবি আক্তার। জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের শাহারপাড় গ্রামে রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুবি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত দুধ মেহার বিবি ওই গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী। সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়না তদন্ত হয়।
হত্যার ঘটনায় দুধ মেহার বিবির ছেলে মো. গিয়াস কামাল বাদী হয়ে রুবি আক্তারকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী বলেন, আমার মায়ের সেবা করার জন্য স্বামী পরিত্যক্তা নিঃসন্তান খালাতো বোন রুবি প্রায় চার বছর ধরে আমাদের বাড়িতে থাকত। সন্ধ্যায় ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে খাটের উপর আমার মাকে বটি-দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে সে।
স্থানীয়দের বরাতে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ঘাতক রুবি স্বামী পরিত্যক্তা এবং মানসিকভাবে ভারসাম্যহীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবি জানিয়েছে তাকে ওই পরিবারের লোকজন অবহেলা করত, নিয়মিত খাওয়া-পড়ায় কার্পণ্য করত। তাই সে বৃদ্ধাকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে ব্যবহূত বটি দা উদ্ধার করা হয়েছে।
