করোনা-পরবর্তী সময়ে ব্যবসা মন্দা থাকায় ভালো নেই চাটমোহরের শাঁখা তৈরির কারিগররা। উপজেলার ডেফলচড়া শাঁখারীপাড়া গ্রামের শাখা কারিগর হারাধন সেন বলেন, ‘আমাদের তৈরি শাঁখাগুলো স্থানীয় জুয়েলারি শোরুমগুলোতে বিক্রি করি। তবে করোনাকালীন ব্যবসা একেবারে মন্দা হওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।’ হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন বলেন, সরকারিভাবে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিলে তারা ব্যবসা করে টিকে থাকতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম বলেন, খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
