বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি বুঝতে পেরেছে ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস করা ভুল ছিল। সে সময় পুলিশ, নির্বাচনে কর্মরত কর্মকর্তা হত্যা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, সাধারণ মানুষ হত্যা করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছিল। বুধবার বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের এ কাজ কেউ প্রত্যাশা করেনি।
বাণিজ্যমন্ত্রী গতকাল রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় রেডকার্পেট৩৬৫ লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্ট এন্ড টেক্সটাইলস, প্রিন্টিং এন্ড প্যাকেজিং মেশিনারি, ডাইস, পিগমেন্টস ও কেমিক্যাল, ইয়ান ও ফেব্রিক এর ওপর ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিল্প খাতকে এগিয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের সহায়তার কারণে দেশের কাগজ ও সিমেন্ট শিল্প দাঁড়িয়ে গেছে। ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়ন শীল দেশে উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রদর্শনীতে এশিয়া, ইউরোপ ও আমেরিকার ১২টি দেশের প্রতিষ্ঠান তৈরি পোশাকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও টেকনোলজি প্রদর্শন করছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে গ্রীসের অনারারী কনস্যাল জেনারেল এবং বিজিএমই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমই-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদ, বাংলাদেশ পেপার মিলস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহা. আইয়ুব, ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নূরুল ইসলাম বক্তৃতা করেন।
