ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে অবস্থিত ওষুধ উত্পাদনকারী কোম্পানি সিরাম ইনস্টিটিউটের একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ভবনের ভেতর থেকে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। এনটিভির খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় দমকল বাহিনীর ১৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশিসংখ্যক টিকা উত্পাদনকারী কোম্পানি এ সিরাম ইনস্টিটিউট। বর্তমানে প্রতিষ্ঠানটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ‘কোভিশিল্ড’ নামে উত্পাদন করছে। এ কোম্পানির কাছ থেকেই তাদের উত্পাদিত ৩ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’ কিনছে বাংলাদেশ। গতকালই ভারত সরকারের উপহার হিসেবে বাংলাদেশে কোভিশিল্ডের ২০ লাখ ডোজ এসে পৌঁছেছে।
সিরাম ইনস্টিটিউটের যে কমপ্লেক্সে আগুন লেগেছে সেটির নাম মঞ্জরী। সিরামের টিকা উত্পাদনের এখন যেটি মূল কারখানা সেখান থেকে এটি বেশ খানিকটা দূরে। সিরামের টিকা উত্পাদনের ক্ষমতা আরো বাড়ানোর লক্ষ্যেই এ নতুন উত্পাদন কেন্দ্রটি (মঞ্জরী) গড়ে তোলা হচ্ছিল। তবে আগুনে টিকা উত্পাদনে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার নমরত পাতিল সংবাদমাধ্যমকে বলেন, স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে আগুন লাগে। নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ ও পঞ্চমতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখান থেকে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, দমকল বাহিনী ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করেছে। ভবনটি খালি করে দেওয়া হয়েছে। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। খবরে বলা হয়েছে, আগুনে সিরাম ইনস্টিটিউটের টিকা তৈরি ও তা মজুত করার জায়গাটির কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনাস্থল পরির্দশনে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা এক টুইটার বার্তায় বলেন, আমরা দুঃখজনক খবর পেলাম। আগুনে কয়েক জন মারা গেছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আদর পুনেওয়ালার বাবা সাইরাজ পুনেওয়ালা ১৯৬৬ সালে সিরাম ইনস্টিটিউট গড়ে তোলেন। গড়ে প্রতি বছর ১৫০ কোটি ডোজ টিকা উত্পাদন করে এ প্রতিষ্ঠানটি। বর্তমানে বিপুল পরিমাণ করোনার টিকা উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে তারা।
