বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে আগ্রহী তুরস্ক

আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ০০:৪৮

তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে জ্বালানি, স্বাস্থ্যসেবা, পর্যটন, আইসিটি, টেক্সটাইল ও কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগে আগ্রহী। সেই সঙ্গে বিপুল বিনিয়োগসহ বাংলাদেশে নিজস্ব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় তুরস্ক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ফরেন ইকোনমিক রিলেশন বোর্ড অব তুর্কির (ডিইআইকে) যৌথ উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত ‘টার্কি অ্যান্ড বাংলাদেশ : এ নিউ এরা ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড’ শীর্ষক ওয়েবিনারে এ আগ্রহ প্রকাশ করেন ডিইআইকের সভাপতি নেল ওলপাক। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ প্রভূত উন্নয়ন করছে, যা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে, যা তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে। এর ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ। বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বৃহত্ কার্যক্রম চলমান। জুলাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে তুরস্কের বিনিয়োগকারীদের স্বাগত জানান তিনি।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয়োগে শতভাগ রপ্তানির সুযোগসহ বিশাল অভ্যন্তরীণ বাজার থাকায় বাংলাদেশ এখন নিরাপদ বিনিয়োগের আস্থায় পরিণত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সুযোগ-সুবিধার ক্ষেত্রগুলো তুলে ধরেন। এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম আশা, তুরস্কে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মাসুদ মান্নান এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান শুভেচ্ছা বক্তব্য দেন।