একশ একর জমিতে তিন বছরের মধ্যে
উত্পাদনে যাওয়ার পরিকল্পনা
g ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরীতে বিনিয়োগ করবে ভারতের আদানী গ্রুপ এবং সিঙ্গাপুরের উইলমার। ১০০ একর জমিতে তারা শিল্প স্থাপন করবে। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) কার্যালয়ে জমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে। আদানী এবং উইলমার যৌথ কোম্পানির পক্ষে ইনাম আহমেদ এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য মোহাম্মদ আইয়ুব জমি ইজারা চুক্তিতে সই করেন।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সময় বিনিয়োগের জন্য মৌখিক প্রস্তাব দেয় উইলমার। পরবর্তীতে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) পরিদর্শন শেষে ১০০ একর জমিতে বিনিয়োগ প্রস্তাব দেয় তারা। বছরভিত্তিক ভাড়ার বিনিময়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, ছয় মাসের মধ্যে উন্নয়ন কাজ শেষ করে আগামী তিন বছরের মধ্যে উত্পাদনে যাওয়ার পরিকল্পনা করছে তারা। এ শিল্প এলাকায় ১১টি কারখানা স্থাপন করা হবে। মূলত খাদ্য ও কৃষিজাত পণ্য উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা প্রায় ৪০ কোটি ডলার বা ৩ হাজার ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী। এ শিল্প পার্কটি স্থাপিত হলে প্রায় সাড়ে ৩ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আমদানি বিকল্প পণ্য তৈরির পাশাপাশি রপ্তানি পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে। তারা নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক প্রযুক্তির বর্জ্য শোধনাগার এবং অন্যান্য স্থাপনা গড়ে তুলবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আদানী ও উইলমারের প্রস্তাব বাস্তবায়িত হলে উন্নতমানের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প তৈরি হবে। তিনি বলেন, দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বেজার আওতায় একটি ভূমি ব্যাংক স্থাপন করা হয়েছে যেখান থেকে বিনিয়োগকারীরা সহজে তাদের পছন্দ অনুযায়ী ইজেড স্থাপনের জন্য জমি নিতে পারছেন।
