খেজুরের রসের বিষ থেকে সাবধান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:০৮

কাঁচা খেজুরের রস খুব জনপ্রিয় পানীয়। খেজুরের রস না খেতে পারলে শীতকালের আমেজটাই যেন অপূর্ণ রয়ে যায়। কিন্তু খেজুরগাছের রস যদি বাদুড়ের মাধ্যমে সংক্রমিত হয় তবে ঐ রস থেকে নিপাহ ভাইরাস ছড়াতে পারে। নিপাহ ভাইরাস মূলত এমন একটি ভাইরাস, যা জন্তু থেকে মানুষে ছড়ায়। বাদুড়ের লালা, কিংবা মল-মূত্রের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটি মস্তিষ্ক বা শ্বসনতন্ত্রে প্রদাহ তৈরির মাধ্যমে মারাত্মক অসুস্থতার সৃষ্টি করে। বাংলাদেশে মূলত বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয় এবং আক্রান্ত ব্যক্তির সংসপর্শে এলে মানুষ থেকে মানুষে ছড়ায়। ভাইরাসে আক্রান্ত হবার পর কোনো লক্ষণ প্রকাশ ছাড়া ভাইরাসটি ৪-৪৫ দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে। লক্ষণগুলো অনেকটা ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতো। যেমন জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঝিমঝিম করা, ঘুমঘুম ভাব ইত্যাদি। তাই খেজুরের রস পানে অবশ্যই সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। তাছাড়া রস সংগ্রহের সময় নেট দিয়ে বাদুড় ও কাঠবিড়ালি থেকে রক্ষা করতে হবে।

শামীম শিকদার

ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর