শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০০:১৯

সাভার উপজেলার আশুলিয়ায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযুক্ত অধ্যক্ষের নাম তৌহিদ বিন আজহার (৬৫)। তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে। গতকাল অধ্যক্ষ তৌহিদ বিন আজহারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি আশুলিয়া ইউনিয়নের খেজুরবাগান এলাকায় হুরে জান্নাত মহিলা মাদ্রাসা ও নূরে মদিনা মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে চা বানানোর কথা বলে নিজ কক্ষে ডেকে নিয়ে যায় অধ্যক্ষ তৌহিদ বিন আজহার। সেখানে ১১ বছর বয়সি ঐ শিশু ছাত্রীকে ধর্ষণ করে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে মাদ্রাসার হোস্টেলে থাকা ঐ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে সে তার সহপাঠীদের মাধ্যমে বিষয়টি বাবা-মাকে জানায়। এ ঘটনায় গত বুধবার পরিবারের পক্ষ থেকে আজহারকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা করা হলে গা ঢাকা দেয় ধর্ষক অধ্যক্ষ। পরে বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।