বারিধারায় এটিএম বুথে নিরাপত্তাকর্মী খুন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বারিধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ঐ কর্মীর নাম শামীম (২৪)। গতকাল সোমবার সকালে বারিধারার জে ব্লকের ব্যাংকটির শোরুমের নিচের এটিএম বুথ থেকে তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ বলছে, বুথের ভেতরে টাকার ভল্টের কোনো ক্ষতি হয়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে ভাটারা থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শামীম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নজরুল ইসলামের ছেলে। বর্তমানে বারিধারা এলাকাতেই থাকতেন। বারিধারার ওই এটিএম বুথের নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

পুলিশ জানায়, গত রবিবার রাত্রিকালীন ডিউটিতে ছিলেন শামীম। সকালে বুথের ভেতর লাশ দেখে স্থানীয় কয়েকজন থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ঘুমন্ত অবস্থায় তাকে হাতুড়ি অথবা রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। উদ্ধারের সময় তার মাথা থ্যাতলানো ছিল। নিহতের পরিবার জানিয়েছে, মোবাইল নিয়ে ঝগড়ার জেরে শামীমের ছোট ভাইকে মারধর করে একই এলাকার কয়েকজন। এর প্রতিবাদ করেন শামীম। এরই জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

সুরতহাল রির্পোটে পুলিশ উল্লেখ করে, ভারী কোনো কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। যার ফলে মাথায় একাধিক কাটার দাগ রয়েছে।

ভাটারা থানার এসআই বিলকিস খাতুন জানান, আটককৃত ৩ জনকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছে। এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা পাওয়া না গেলে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। ভাটারা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাসুদুর রহমান মিয়া বলেন, বুথের টাকার ভল্ট অক্ষত রয়েছে। তবে ২টি সিসি ক্যামেরা ভাঙা পাওয়া গেছে। এ ঘটনায় মামালা দায়ের প্রক্রিয়াধীন। আশা করি তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।