নেমেই বার্সাকে জেতালেন মেসি

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৩

স্পোর্টস ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগায় লেগানেসের বিপক্ষে ৩-১ গোলের জয় পেলেও এ জন্য বেঞ্চ থেকে মাঠে নামতে হয়েছিল লিওনেল মেসিকে। নিজেদের মাঠে এ ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। কিন্তু বদলি হিসেবে নেমেই দলের ভাগ্য বদলে দেন তিনি।

ব্যস্ত সূচিতে দলকে চোটহীন রাখতে সম্প্রতি খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর কৌশল নিয়েছেন কোচ আর্নেস্তো ভালভার্দে। তাই গত রবিবারের ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি, ইভান রাকিটিচ ও ক্লেমো লংলে। লেগানেসের বিপক্ষে প্রথমার্ধে অধিনায়ক মেসির অভাব বুঝতেই দেননি ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ৩২তম মিনিটে তার লক্ষ্যভেদে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। 

বিরতির পর সফরকারী ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েটের গোলে সমতা ফেরে খেলায়। বাধ্য হয়েই তূণের সেরা তীরটি সদ্ব্যবহার করেন ভালভার্দে। ৬৪ মিনিটে কার্লোস অ্যালেনইয়াকে তুলে মেসিকে মাঠে নামান তিনি। এরপরেই রঙ বদলে যায় ম্যাচের।

সুয়ারেজের ৭১ মিনিটের গোলটি ছিল আর্জেন্টাইন তারকার প্রত্যক্ষ অবদান। বক্সের বাইরে থেকে মেসির নেয়া জোড়ালো শট ঠেকিয়ে দেন লেগানেস গোলরক্ষক। তবে ফিরতি শটে বলটি জালে পাঠান সুয়ারেজ। গোলরক্ষকের সঙ্গে সুয়ারেজের সংঘর্ষের কারণে রেফারির কাছে ফাউলের আবেদন করেন লেগানেস খেলোয়াড়রা। তাতে সাড়া দিয়ে রেফারি ভিএআরের শরণাপন্ন হলেও শেষতক বলবত্ থাকে গোলটি।

দ্বিতীয়বারের মতো এগিয়ে গিয়ে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মেসির দল। যোগ করা সময়ে জর্দি আলবার পাস থেকে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন বার্সা অধিনায়ক।

কোচ ভালভার্দে পরে জানান, সুয়ারেজের গোলটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না তার মনে। তিনি বলেন, ‘আমার মতে সেটা গোলই ছিল। আমি যা বলতে পারি, প্রত্যেকেরই একটি দৃষ্টিকোণ আছে, কিন্তু রেফারি যদি তা দেন তবে নিশ্চিতভাবেই তা গোল হবে।’

তিনি আরও বলেন, ‘ভিএআর এলেও বিতর্ক শেষ হয়ে যাচ্ছে না। এটা পরিষ্কার গোল ছিল। সুয়ারেজ গোলরক্ষককে ছোঁয়নি, তারা সেটা দেখেছেন। বিতর্ক সবসময়ই থাকবে, সাথে ভুলও থাকবে এবং আপনাকে কিছু ভুল মেনে নিতে হবে। এ সব ভুল ভিএআরেই শুধরে যাবে না, এমনকি রোবট দ্বারা রেফারিংয়ের মাধ্যমেও না।’

এ মৌসুমের প্রথমভাগে বার্সার হয়ে সবচেয়ে বেশি সময় মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন রাকিটিচ। তার সঙ্গে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসিকেও বিশ্রাম দেয়ার ব্যাখ্যা দেন ভালভার্দে। তিনি বলেন, ‘রাকিটিচ এবং মেসি দুজনেই একসঙ্গে খেলে অভ্যস্ত তাই আমরা পালা করে অন্যদের সুযোগ দিয়েছিলাম।’

দলের সবাইকেই পালাক্রমে সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন ভালভার্দে। স্প্যানিশ কোচের ভাষায়, ‘অন্য দিন পুরো ম্যাচে অ্যালেনইয়া খেলেনি, কিন্তু আজ সে সুযোগ পেয়েছে। দলের সবাইকেই সুযোগ দিতে হবে আমাদের কেননা তাদের সবাই গুরুত্বপূর্ণ।’