আরেকটা সুযোগের অপেক্ষায় হাওয়েল

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৪

স্পোর্টস রিপোর্টার

নিরাপত্তার শঙ্কা মনে করে ইংলিশ ক্রিকেটাররা যখন বাংলাদেশ সফরে আসতে আপত্তি করছিলেন, তখন এই বেনি হাওয়েল একমাত্র ইংলিশ ক্রিকেটার হিসেবে বিপিএল খেলতে এসেছিলেন। সে হিসেবে তিনি বাংলাদেশের পুরোনো বন্ধু।

সেই বেনি হাওয়েল এবার বিপিএল শুরু করেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। প্রথম থেকে একাদশে সুযোগও পাচ্ছিলেন। কিন্তু বলার মতো কিছু করতে পারছিলেন না। ৬ ম্যাচে ৩৮ রান করেছেন ও ৫ উইকেট নিয়েছেন। অবশেষে এ পারফরম্যান্স ও এবি ডি ভিলিয়ার্সের আগমন মিলিয়ে সিলেটেই একাদশ থেকে বাদ পড়েছেন হাওয়েল। একাদশ থেকে বাদ পড়লেও আরেকটা সুযোগের আশা ছাড়ছেন না। সেই সাথে রংপুর রাইডার্সকে প্লে অফে অন্তত দেখতে পাচ্ছেন এ ইংলিশ অলরাউন্ডার। 

রংপুর বিপিএল খেলছে তারকাখচিত এক দল নিয়ে। সে তুলনায় এখন পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের পারফরম্যান্স খুব ভালো নয়। ৭ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে তারা। তবে হাওয়েল বলছেন, তারা এরপরও প্লে অফের স্বপ্ন দেখছেন। সেটা অর্জন করা যাবে বলেই তিনি মনে করেন, ‘অবশ্যই। আমি বিশ্বাস করি। আমরা এখন প্রতিটা খেলা জেতার চেষ্টা করবো। আশা করি আমরা লিগে তৃতীয় বা চতুর্থ হতে পারবো।’

হাওয়েল মনে করেন মাঝে কয়েকটা ম্যাচে কাছে গিয়েও ফল না পাওয়ায় দলের এ অবস্থা হয়েছে। এ ছাড়া তিনি কোনো সমস্যা রংপুর দলে দেখেন না, ‘কোনো সমস্যা নেই। আমার মনে হয়, কয়েকটা গুরুত্বপূর্ণ খেলায় আমরা বাধাটা পার করতে পারিনি। এ ছাড়া কোনো সমস্যা নেই। সবকিছু ভালো চলছে। আর আমরা আগামীকালের (আজকের) ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’

রংপুরের আরেক দুশ্চিন্তা হলো ক্রিস গেইলের অফ ফর্ম। এখন পর্যন্ত এবারের বিপিএলে জ্বলে উঠতে পারেননি এ ক্যারিবীয় তারকা। তবে গেইলের ফর্ম নিয়ে হাওয়েল অন্তত চিন্তিত নন, ‘না। আমরা একক কারো পারফরম্যান্স নিয়ে ভাবছি না। আমরা একটা দল হিসেবে কেমন পারফরম করছি, সেটা নিয়েই ভাবছি। আমরা সবাই জানি, ক্রিস একটা বড় রান করার থেকে মাত্র একটা খেলা দূরে আছে। আশা করছি, আগামীকালই সেই দিনটা আসবে।’

ডি ভিলিয়ার্সকে জায়গা দিতে নিজের বাদ পড়া নিয়েও আক্ষেপ নেই হাওয়েলের। তিনি চান সেরা একাদশই মাঠে খেলুক, ‘গত ম্যাচ থেকে আমি খেলছি না। এবি (ডি ভিলিয়ার্স) এসেছে এবং আমরা চার জন (বিদেশি) ব্যাটসম্যান নিয়ে খেলছি। আমরা যতক্ষণ সেরা একাদশ নিয়ে খেলছি, ততোক্ষণই ভালো। সেই সাথে আমরা এখন যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই এবং প্লে অফে জায়গা করে নিতে চাই। আমার সুযোগ যখন আসবে, আমি তৈরি থাকবো। আগামীকালের ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে আমি সুযোগের জন্য তৈরি থাকবো।’

আজ রংপুরের লড়াই খুলনার বিপক্ষে। যদিও খুলনা তলানির দল। কিন্তু তাদের হালকাভাবে নিতে রাজী নন হাওয়েল, ‘ওরা এ বছর সংগ্রাম করছে। তবে তারা ভয়ানক দল। ফলে আমরা ওদের হালকাভাবে নিতে পারি না। আমরা ব্যাট হাতে বিশেষ কিছু করার চেষ্টা করবো। আর আশা করি জয় নিয়ে বের হবো।’