বিশ্বকাপ মাথায় রাখছেন বিরাট

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৫

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ ও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেই দলকে তৈরি করে নিতে চান বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরের সাফল্য মাথায় রেখে তিনি আরও সামনে এগিয়ে যাওয়ার ঘোষণাই দিলেন। বললেন, ‘আমি এই দলের কাছে কৃতজ্ঞ ও গর্বিত। এটা দলগত প্রয়াসের ফল। বিশ্বকাপের আগে মানসিকভাবে আমরা আত্মবিশ্বাসী আর ভারসাম্য যুক্ত দল। ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ও ঘরের মাঠে কিছু ম্যাচেই যে সব জায়গায় উন্নতি দরকার সেগুলো করে নিতে হবে।’

নিউজিল্যান্ড সফর দিয়ে শুরু হবে কোহলির পরবর্তী অ্যাসাইনমেন্ট। নিউজিল্যান্ড সফরে পাঁচ ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। ইতোমধ্যেই অকল্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বুধবার নেপিয়ারে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। বিরাট কোহলির দল এখন নিউজিল্যান্ডকে মোকাবিলা করার জন্য মুখিয়ে আছে।

বিরাট কি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হতে যাচ্ছেন?-এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া যাচ্ছে না। তবে, সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্কের বিশ্বাস ভারতীয় অধিনায়ক ইতোমধ্যেই খেলাটির ‘সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যানে পরিণত হয়েছেন’ বিশ্বকাপ জয়ী সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমার কাছে ওয়ানডে ক্রিকেট খেলা এযাবত্ কালের সেরা ব্যাটসম্যান কোহলি। তিনি ভারতের হয়ে যা অর্জন করেছেন তা দেখে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

অবিশ্বাস্য গড় ৫৯-এর বেশি নিয়ে ৩৯টি সেঞ্চুরিসহ ২১৯ ওয়ানডেতে ইতোমধ্যেই কোহলি ১০ হাজার ৩৮৫ রান সংগ্রহ করেছেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলির নেতৃত্বে মাত্রই ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সফর শেষ করেছে।

তার নেতৃত্বে ভারতীয় দল প্রথমবার বিদেশের মাটিতে কোনো সিরিজ না হেরে সফর শেষ করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় ভারত ও এশিয়ার প্রথম অধিনায়ক হওয়ার গৌরব অর্জন করেছেন ৩০ বছর বয়সী এ তারকা ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় করা প্রথম ভারতীয় অধিনায়কও এখন কোহলি।

সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিজের সেঞ্চুরি সংখ্যা বৃদ্ধি অব্যাহত রেখেছেন। ক্লার্ক বলেন, ‘নিজ দেশের জন্য ম্যাচ জয়ে বিরাটের আবেগের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ তিনি আগ্রাসী। তবে তার অঙ্গীকার নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। ওয়ানডে ক্রিকেটে তিনি সর্বকালের সেরা।’-এনডিটিভি