সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২২:০৯

 

ইসলামপুরে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নির্বাচনি বিলবোর্ড অপসারণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলাপুরে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নির্বাচনি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। তপশিল ঘোষণার পর পৌর এলাকার বটতলা চত্বর, রেল স্টেশন, মাদ্রাসা মোড়সহ বিভিন্ন চত্বরে পোস্টার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম উপস্থিত থেকে বিভিন্ন পোস্টার, বিলবোর্ড অপসারণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, থানার এসআই দেলোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকালে নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শহিদ মিনার উদ্বোধন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থায়নে এ শহিদ মিনারটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে ৫ লাখ ৪০ হাজার টাকা।

রংপুরে এলজিইডির উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরস্থ আরডিআরএস বেগম রোকেয়া মিলনয়াতনে শুক্রবার এলজিইডির উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে দিনব্যাপী পর্যালোচনা সভা হয়েছে। রংপুর বিভাগের আটটি জেলা ও ৫৮টি উপজেলায় এলজিইডির চলমান ২৬টি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এ পর্যালোচনা সভা হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান। তিনি বলেন, রংপুর বিভাগে চলমান ৩ হাজার ৩৭৭ কোটি টাকার কাজ বাস্তবায়ন একটি বিরাট চ্যালেঞ্জ হলেও বর্তমান অর্থবছরে এ বিভাগে কাজের গড় অগ্রগতি ৭০%, যা সন্তোষজনক। 

গবাদি পশুর খামার ব্যবস্থাপনা ও করণীয় নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীতে ‘কোভিড-১৯ পরিস্থিতিতে গবাদি পশুর খামার ব্যবস্থাপনা ও খামারিদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর রাজিয়া কমিউনিটি সেন্টারে বহুজাতিক প্রতিষ্ঠান ইন্টারসেপ্টা অ্যাগ্রোভেট এ সভার আয়োজন করে। ইন্টারসেপ্টা অ্যাগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসমাইল হক।

মুজিববর্ষ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার শাহজানী যুব সমাজ খাষ শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে (মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ ক্যাম্প) এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ মো. ইনসাফ আলী ওসমানী। সভাপতিত্ব করেন ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার।

মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করেছেন চেয়ারম্যান এনামুল হক। শনিবার দুপুরে সোলাদানা বাজারস্থ ইউনিয়ন পরিষদে এল জি এসপির অর্থায়নে ইউনিয়নের ছয়টি মাধ্যামিক বিদ্যালয়ে ২৫টি বাইসাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য মো. আজিজুর রহমান লাভলুসহ অন্যরা।

প্রশাসনিক ভবন ও মিলনায়তন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুজানগর (পাবনা) সংবাদদাতা সুজানগর উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন ও উপজেলা পরিষদ মিলনায়তন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপজেলা কমপ্লে­ক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী।