এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, কেউ নির্বাচনকে ভন্ডুল করতে চাইলে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর মনোনয়নে তৃণমূলের মতামত নিয়ে করা হয়নি বলেও মন্তব্য করেন মাহবুব তালুকদার। গতকাল বৃহস্পতিবার সকালে ইসিতে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, সাহসিকতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। কোনো কর্মকর্তা শিথিলতা দেখালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে। এ সময় নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন কমিশনার মাহবুব তালুকদার।
এদিকে, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই থেকে তিনদিন অথবা সাত থেকে দশদিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। একই সময়ে এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাব মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ একই অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
ইসি সচিব বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসি সচিব বলেন, নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় গিয়ে সেনাবাহিনী তাদের নির্বাচনী দায়িত্ব পালন করবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ইসি সচিব বলেন, গত বুধবার পল্টনে শোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এসব বিষয়ে সর্তক থাকতে হবে। ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইসি সচিব।
