পেশাদার ফুটবল
নোয়াখালী প্রতিনিধি
স্বাগতিক টিম বিজেএমসি ও সাইফ স্পোর্টিং ক্লাবের খেলা দিয়ে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ নাম লেখাবে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম। এ স্টেডিয়ামটি হলো নোফেল স্পোর্টিং ক্লাব (নোয়াখালী-ফেনী-লক্ষ্মীপুর স্পোর্টিং ক্লাব) ও টিম বিজেএমসির হোম ভেন্যু।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে পেশাদার ফুটবল লিগের খেলাগুলো। এ উপলক্ষে গত রবিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে প্রতিযোগিতার বিস্তারিত জানান স্বাগতিক ক্লাব দুটির কর্মকর্তারা।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা ও নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আশা করছেন, বিপিএলের ভেন্যু হওয়ায় নোয়াখালীর দর্শকরা তারকা ফুটবলারদের খেলা উপভোগ করতে পারবেন। এর সুবাদে জেলার ফুটবল আবার তার পুরনো অতীত ফিরে পাবে।
নোফেল এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহীন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামসুল হাসান মীরন নোয়াখালীতে খেলা সুন্দরভাবে শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন।
