আন্তর্জাতিক সহযোগিতা চাইল অ্যাথলেটিকস ফেডারেশন

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২২:১৭

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিকস ফেডারেশন।

কাতারের অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি দাহালান আল হামাদের সঙ্গে এ নিয়ে গত শনিবার ফোনে কথা বলেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। হামাদকে গত জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করতে ঢাকায় এনেছিলেন তিনি।

মূলত প্রশিক্ষণের জন্য সুযোগ সুবিধা চেয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। আব্দুর রকিব মন্টু জানিয়েছেন তারা জিম, অ্যাথলেটিক ট্র্যাক চেয়েছেন। ট্রেনিং প্রোগ্রাম চেয়েছেন। দাহালান হামাদ জানিয়েছেন তিনি সহযোগিতা করবেন। চার-পাঁচ জন অ্যাথলেটকে প্রশিক্ষণের জন্য নিয়ে যাবেন।

ফেডারেশন সম্পাদক বললেন, ‘আমাদের টাকা নেই প্লেন ভাড়াও নেই এবং স্পন্সরও নেই। উনি বলেছেন স্পন্সর করার ব্যবস্থা করবেন। জানতে চেয়েছেন জাতীয় অ্যাথলেটিকস আয়োজন করতে কত টাকা লাগে। আমি জানিয়ে দিয়েছি ৩০ লাখ টাকা লাগবে। উনি বলেছেন স্পন্সর করবেন। যদি করেন তা হলে আমরা আগামীতে জাতীয় অ্যাথলেটিকসে পদকের সঙ্গে অর্থ পুরস্কারও দেয়া হবে।’

অ্যাথলেটিকস ফেডারেশন তাদের বিশ্ব সংস্থা থেকে তহবিল পাচ্ছে। গতকালই প্রশিক্ষণের জন্য ২০ হাজার ডলার অনুদান পেয়েছেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। আরো ৫ হাজার পাবেন।

মন্টু জানিয়েছেন তারা এ অর্থ ট্যালেন্ট হান্টিংয়ের কাজে লাগাবেন। ২০ হাজার ডলার ভালোভাবে কাজে লাগাতে পারলে আগামী বছর আবার অনুদান পাওয়া যাবে। এখন বছরে ১৫ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনের নানা ফান্ড রয়েছে। পরিকল্পনা করে চাওয়া হলে পাওয়া যাবে। শর্ত হচ্ছে সঠিক কাজে লাগতে হবে।’

কাতারে এশিয়ান অ্যাথলেটিকসের আসর রয়েছে এপ্রিলে। সেখানে বাংলাদেশের ৫ জন অ্যাথলেট খেলতে যাবেন।