আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে পারেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। ব্রাজিলের আদিবাসী নেতা এবং মানবাধিকার গ্রুপগুলো বলসোনারোর বিরুদ্ধে আমাজন বনাঞ্চল ধ্বংস এবং আদিবাসীদের অধিকার হরণের কারইে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত দাবি করেছেন। খবর দ্য গার্ডিয়ানের শুক্রবার নেদারল্যান্ডসের হেগের আদালতে অভিযোগ প্রাথমিকভাবে খতিয়ে দেখতে আবেদন জানিয়েছেন প্যারিস ভিত্তিক আইনজীবী উইলিয়াম বাউরডন। আবেদনে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট আমাজন রেইনফরেস্টের যে ক্ষতির কারণ হয়েছেন তা ইকোসাইড (নির্বিচারে প্রাকৃতিক পরিবেশের বিনাশ) বলে গণ্য হতে পারে।
আদালতের চিফ প্রসিকিউটর ফাতৌ বেনসৌডা জানিয়েছেন, তদন্ত করে বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় কি না, তা নির্ধারণ করা হবে। বাউরডন জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমা নেই, তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আমাজন বনের ধ্বংস করে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে চলছি। উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জায়ের বলসোনারো ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকটি পরিবেশগত সংকটের মুখে পড়েছে ব্রাজিল। বনাঞ্চলে অবৈধ কর্মকাণ্ডকে উত্সাহ দেওয়ার অভিযোগ রয়েছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডের কারণে দেশটিতে বনাঞ্চল উজাড় বৃদ্ধিসহ দাবানলের ঘটনাও বেড়েছে। বলসোনারোর পরিবেশ নীতি নিয়ে ইতিমধ্যে ব্যাপক সতর্কতা জানিয়েছে পরিবেশবাদীরা।
