ঘর দিয়েছে নৌকা মার্কার সরকার, ভোটের সময় মনে রাখবেন :তথ্যমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ২৩:০৫

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের তিনটি মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র ও বাসস্থান। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অন্ন ও বস্ত্রের সমস্যার সমাধান অনেক আগেই করেছেন। এখন গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী মুজিববর্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তিতে সমস্ত গৃহহীন মানুষকে ঘর করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না সেই ঘোষণা দিয়েছেন। ৭০ হাজারের মতো পরিবারের কাছে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করে সেই ঘোষণা তিনি আজকে বাস্তবায়ন করছেন। গতকাল শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে                 প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়নের ঘর ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও ঘর প্রদান কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যমন্ত্রীসহ উপজেলার উপকারভোগী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপভোগ করেন।

যারা ঘর পেয়েছেন তাদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা যারা ঘর পেয়েছেন তারা কখনো চিন্তা করেননি জমিসহ এরকম একটি ঘর পাবেন, কিন্তু তারা ঘর পেয়েছেন। এটি কোন সরকার দিয়েছে সেটি মনে রাখতে হবে। এটি দিয়েছে আওয়ামী লীগ সরকার, নৌকা মার্কার সরকার, এটি দেশের সবধরনের ভোটের সময়ও মনে রাখতে হবে। ভোটের সময় আসলে অনেক রকমের দল আপনাদের সামনে হাজির হবে, তাদের বলতে হবে কখনো আমাদের খবর নাওনি।

তথ্যমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে আজকে যারা ঘর পেয়েছে তারা কখনো ভাবেনি এই ধরনের একটি জমির মালিকানাসহ দুই রুমের একটি ঘর উপহার পাবেন। এই অভাবনীয় কাজ আজকে জাতির পিতার কন্যা শেখ হাসিনা করেছেন। আমার জানা নেই পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে একই দিনে ৭০ হাজার পরিবারকে ঘর দেওয়ার উদ্বোধন হয়েছে কি না। প্রধানমন্ত্রীর আহ্বানে তথ্যমন্ত্রী নিজের নির্বাচনি এলাকায় নিজের ও দলের নেতৃবৃন্দের অর্থায়নে এধরনের কমপক্ষে ৫০টি ঘর করে দেবেন বলে অনুষ্ঠানে ঘোষণা দেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরীর সঞ্চালনায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার প্রমুখ।