বিবিসি
শান্তি প্রতিষ্ঠা ও সহিংসতা বন্ধের দাবিতে কলম্বিয়ার রাজপথে মিছিল করেছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার রাজধানী বোগোটায় গাড়িবোমা বিস্ফোরণে পুলিশের ২০ ক্যাডেট নিহতের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)।
শান্তির জন্য এ মিছিলে অংশগ্রহণ করেন বর্তমান কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভাব ডুকু ও তার পূর্বসূরি হুয়ান ম্যানুয়েল সান্তোস। প্রেসিডেন্ট বোমা হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আর্মিকে (ইএলএন) দায়ী করে এ সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়েও অস্বীকৃতি জানিয়েছেন। এ হামলার ফলে কিউবায় অনুষ্ঠেয় শান্তি আলোচনা ভণ্ডুল হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে। মিছিলে দেওয়া ভাষণে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘সরকার ও সমাজ এক সঙ্গে কলম্বিয়ার জন্য কাজ করবে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা কখনও হার মেনে নেব না। কলম্বিয়া শক্তিশালী এবং কখনো ভীত হবে না। কোনও অপরাধী দ্বারা আতঙ্কিত হবে না।’
মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই সাদা পোশাক ও সাদা পতাকা উড়িয়ে অংশ নেয়। তারা স্লোগান দেন, সহিংসতা চাই না, পুলিশ ও সেনাদের ওপর হামলা চাই না। এ সময় তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
এদিকে কলম্বিয়ার বামপন্থি ইএলএন বিদ্রোহীরা বোগোটার পুলিশ একাডেমিতে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ন্যাশনাল লিবারেশন আর্মির ওয়েবসাইটে সোমবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘স্থাপনা ও সৈন্যদের ওপর চালানো এ হামলা বৈধ। যুদ্ধের আইনে এ ধরনের হামলার বৈধতা রয়েছে। এতে লড়াইরতদের বাইরে কেউ নিহত হয়নি।’ এর আগে কলম্বিয়ান কর্তৃপক্ষ বিস্ফোরিত গাড়িটির চালকের নাম প্রকাশ করেছিল। বিস্ফোরণে ওই ব্যক্তিও নিহত হন। পুলিশের মতে, ওই নিহত গাড়ির চালক ইএলএন’র বিস্ফোরক বিশেষজ্ঞ হোসে আলদেমার রোহাস।
কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ইএলএন। ২০১৭ সালে সরকারের সঙ্গে তাদের শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু গত বছর আগস্টে ইএলএনের হাতে সব জিম্মি ও হামলা বন্ধের দাবি করলে শান্তি আলোচনা বাতিল হয়ে যায়।
