সিরিয়ার ভিতরে ইরানি কুদস লক্ষ্যস্থলে হামলা চালিয়ে সিরিয়াকে সতর্ক করেছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। সোমবার এক বিবৃতিতে বাহিনীটি এসব কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একের পর এক নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তীব্র হামলা চালিয়েছে ইসরাইল, কিন্তু সিরিয়ার এয়ার ডিফেন্স অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। দামেস্কের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ঘণ্টাখানেক ধরে প্রচণ্ড বিস্ফোরণে রাতের আকাশ প্রকম্পিত হয়ে ছিল।
নিজেদের বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, “আমরা সিরিয়ার ভূখণ্ডে ইরানি কুদস লক্ষ্যস্থলে আঘাত হানতে শুরু করেছি। ইসরাইলি বাহিনীগুলো বা ভূখণ্ডের কোনো ধরনের ক্ষতি করার উদ্যোগ থেকে বিরত থাকার জন্য আমরা সিরিয়ার সশস্ত্র বাহিনীগুলোকে সতর্ক করেছি।”
কুদস বাহিনী, বিদেশে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অভিযানগুলোর দায়িত্ব পালন করে।
ইসরাইলের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে রবিবার ইসরাইল-সিরিয়ার সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সিরিয়া জানায় তারা ইসরাইলের একটি বিমান হামলা রুখে দিয়েছে, অপরদিকে গোলান মালভূমির দিকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে বলে জানায় ইসরাইল। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমাদের একটি স্থায়ী নীতি রয়েছে, তা হলো সিরিয়ায় ইরানি প্রতিরোধ ব্যবস্থায় আঘাত হানা ও যারা আমাদের ক্ষতি করবে তাদের পাল্টা ক্ষতি করা।”
