সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে ইটভাটায় সংস্কারকাজ করার সময় দেওয়াল ধসে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ঐ এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টু-স্টার ইটভাটায় সংস্কারকাজ করার সময় দেওয়াল ধসে খালেক মিয়ার ওপর পড়লে দুটি পা ভেঙে যায়। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিত্সক নাজমুল হক রনি জানান, হাসপাতালে আনার আগেই খালেক মিয়া মারা গেছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।
