খুলনায় মামুন মোল্লা (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দীঘলিয়া উপজেলার বার্মাশীল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মামুন মোল্লা দীঘলিয়ার সেনহাটি মধ্যপাড়া এলাকার মো. ইউসুফ মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দীঘলিয়া উপজেলার বার্মাশীল খেয়াঘাট এলাকায় দুর্বৃত্তরা মামুন মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে রবিবার ভোরে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, মামুন পরিবারসহ খুলনা মহানগরীর কাশিপুর এলাকায় থাকতেন। সেখানে ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। পরে তিনি পরিবারসহ দীঘলিয়ার সেনহাটি গ্রামের শরিষাপাড়া এলাকায় বাড়ি করে বসবাস শুরু করেন।
দীঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, গতকাল রবিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
