পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল, ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকার দুই সিটির বর্ধিত এলাকার কাউন্সিলর পদের নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এলক্ষ্যে আজ মঙ্গলবার বিকাল তিনটায় কমিশন সভা ডাকা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইসি কার্যালয়ের উপসচিব (সংস্থাপন) মো:শাহেদুন্নবী চৌধুরীর স্বাক্ষর করা সভা আহ্বান সংক্রান্ত নোটিসে ৯টি সুনির্দিষ্ট এজেন্ডা (আলোচ্যসূচি) রাখা হয়েছে। উপজেলা পরিষদ ও ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে ফাঁকা হওয়া কিশোরগঞ্জ-১ আসনের তফসিল, সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন, পৌরসভা-ইউনিয়ন ও জেলা পরিষদের সাধারণ ও উপনির্বাচন, গাইবান্ধা-১ আসনের নির্বাচনের অগ্রগতি ও ২০১৯-২০ সালের নতুন বছরের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে আজ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যর কমিশনের মধ্যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার চিকিত্সার জন্য বর্তমানে ভারতে রয়েছেন। নির্বাচন কমিশনার কবিতা খানম হজ্ব পালনে সৌদি আরবে অবস্থান করছেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার বুধবার ভারতে যাবেন। অন্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী জার্মানি ও ফ্রান্স যাচ্ছেন। ফলে আজকের সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি হয়ে পড়েছে।
পাঁচ ধাপে উপজেলা ভোট
দেশের ৪৯২ উপজেলার মধ্যে ৪৮০ উপজেলা পরিষদে পাঁচটি ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে ইসির। এরমধ্যে প্রথম ধাপের তফসিল ৩ অথবা ৪ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে। তবে এবার বিভিন্ন জটিলতার কারণে ১২ উপজেলা পরিষদে তফসিল ঘোষণা করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার দলীয় প্রতীকে ভোট নেয়া হবে। ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলের মনোনীতদের বাইরে নির্বাচন করতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আসতে হবে।
ইসির সংশ্লিষ্টরা ইত্তেফাককে জানিয়েছেন, ঢাকার ৩৪ উপজেলার মধ্যে ৩৩টিতে তফসিল ঘোষণার প্রস্তুতি রয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলায় সীমানা সংক্রান্ত জটিলতা রয়েছে। চট্টগ্রামের ৪৯ উপজেলার মধ্যে ৪৭টিতে তফসিল হবে। রংপুরের ৫৮টি উপজেলার মধ্যে ৫৭টিতে তফসিল হবে। ময়মনসিংহের ৬০টি উপজেলার মধ্যে ৫৯টিতে তফসিল হবে। রাজশাহীর ৬৭টি, খুলনার ৫৯টি, ফরিদপুরের ২৯টি এবং বরিশালের ৪২টি উপজেলার মধ্যে সবকটিতেই তফসিল দেওয়ার প্রস্তুতি রয়েছে। কুমিল্লার ৫৪টির মধ্যে ৫১টিতে তফসিল ঘোষণা করার প্রস্তুতি রয়েছে। সিলেটের ৪০টির মধ্যে ৩৬টিতে ভোট হবে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা। তাই কমিশন মার্চ মাসকে উপজেলা নির্বাচনের জন্য বেছে নিয়েছে। সরকারের স্থানীয় সরকার বিভাগের সম্মতি পেলেই তারা তফসিল ঘোষণার জন্য প্রস্তুত রয়েছেন।
