চট্টগ্রামে র্যাব-৭ ও মহানগরী পুলিশের গত দু’দিনে পৃথক অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এসব চালান মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ হয়ে চট্টগ্রামে নিয়ে আসা হয়। পরে এগুলো চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার হতো বলে ধারণা করা হচ্ছে।
নগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ১৮ হাজার ২২৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। গতকাল সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. মোজাম্মেল, মো. আবদুর রহিম ও নুর ইসলাম।
অন্যদিকে গতকাল সোমবার ভোরে নগরীর লালদীঘি জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে নারকেলের ভেতর করে নিয়ে আসা ১ হাজার ৬৬৩ পিস ইয়াবাসহ রাকিব হোসেন বাবু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের আরেকটি টিম। বাবু লক্ষ্মীপুর জেলার রায়পুর এলাকার আবু তাহেরের পুত্র। তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকেন।
লাল ও হলুদ রঙের ইয়াবার পর এবার মিয়ানমার থেকে বাংলাদেশে ‘সাদা ইয়াবা’ ঢুকার নমুনা পাওয়া গেছে। পুলিশ সূত্র জানায়, প্রথমবারের মতো সাদা ইয়াবার এমন একটি চালান আটক করেছে নগর গোয়েন্দা ?পুলিশ। অভিনব পদ্ধতিতে টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসার পর রবিবার সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবার চালানটি আটক করা হয়। বালতির তলদেশে আরেকটি কৃত্রিম তলদেশ তৈরি করে দুই তলদেশের মাঝখানের ফাঁকে করে এসব ইয়াবা আনা হয়। বাহক মো. ইদ্রিসকে (২২) গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
