গাজীপুরে অবৈধ ৩ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমাণ আদালত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:১০

অনুমোদন ও ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকার তিন ইটভাটা ভেঙে দিয়েছে। পাশাপাশি ভাটা মালিকদের দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রুবাইয়া ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালায়। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন ছাড়াই প্রভাব খাটিয়ে ইট তৈরি করে আসছিল নগরীর কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার সৈনিক ব্রিকস এবং একই এলাকার ফরিদ এন্ড কোং ও আব্দুল মালেক ব্রিকস। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত ওই তিন ভাটায় অভিযান চালায়। প্রথমে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ‘ভেকু’ দিয়ে ভেঙে ফেলা হয় ইটভাটাগুলো। এ সময় সৈনিক ব্রিকস ইটভাটাকে এক লাখ টাকা, ফরিদ এন্ড কোংকে ৫০ হাজার টাকা ও আব্দুল মালেক ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় ইট তৈরিতে ব্যবহূত মালামাল।