জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন!

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:২৭

ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে মেয়ে জামাতার ছুরিকাঘাতে ওয়াহাব মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাতা আলমগীর হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ফতুল্লার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ওয়াহাব মিয়া আলীগঞ্জ মধ্যপাড়ার মৃত কাদির মিয়ার ছেলে। আলমগীর দাপা উকিলবাড়ি মোড় এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক ছালেকুজ্জামান জানান, ওয়াহাব মিয়ার মেয়ে শাহনাজ আক্তারের সঙ্গে আলমগীর হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। দুই মাস আগে নারায়ণগঞ্জ আদালতে শাহনাজ আক্তার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। সোমবার সন্ধ্যায় আলমগীর শ্বশুর বাড়িতে গিয়ে শাহনাজ আক্তারের সঙ্গে বাকবিতণ্ডা করে। এসময় ওয়াহাব মিয়া প্রতিবাদ করতে গেলে তাকে প্রথমে মারধর করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ওয়াহাব মিয়াকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী আলমগীরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

শাহনাজ আক্তার জানান, বিয়ের ৩ থেকে ৪ দিন পর থেকে তার স্বামী মাদক সেবন করে বাড়ি ফিরতো। বাসায় ফিরে যৌতুকের জন্য শাহনাজকে নির্যাতন করতো। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের বলেন, জামাতা আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।