স্কুলছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেফতার ৩

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৩৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ শ্রেণির ছাত্র তানভীর হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) নছরতপুরের সৈয়দ আলীর পুকুর থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

আরও পড়ুন: টাঙ্গাইলে অপহরণ ও হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্কুল ছাত্র তানভীর হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। তানভীর হোসেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নছরতপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো, তানভীরের প্রতিবেশী উজ্জ্বল মিয়া, জাহির মিয়া ও শান্ত। পুলিশ জানায়, ২৪ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে ভানভীরকে ডেকে নেয় উজ্জ্বল মিয়া, জাহির মিয়া ও শান্ত। রাত সাড়ে ৭টার দিকে তানভীরকে হত্যা করে তারা। পরে পুকুরে মাটি চাপা দিয়ে হত্যাকারীরা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। তানভীরকে খুঁজে না পেয়ে তার বাবা ফারুক মিয়া শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। 

আরও পড়ুন: কলাবাগানে ধর্ষণের পর হত্যার প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ না পেয়ে অপরহনকারীরা ওই ছেলেটিকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা ও অধিকতর চলছে। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

ইত্তেফাক/এমএএম