নাসরুল্লাহ শাকুরি
এ বছর শীতের তীব্রতা বিগত যে কোনো সময়ের চেয়ে কিছুটা হলেও যেন বেশি। যা কাল হয়ে দাঁড়িয়েছে শরীয়তপুরের ভাঙন কবলিত প"ঞ্চাপাড়ের মানুষের জন্য। এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে বরাবরের মতো এবারও এগিয়ে এসেছে জাজিরার তারুণ্যনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন পাঞ্জেরি। ‘এসো উষ্ণতা ছড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতের শুরুতেই উষ্ণতার পরশ নিয়ে হাজির হয়েছে পাঞ্জেরি। শরীয়তপুরের ভাঙন কবলিত পদ্মাচরের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে শীতকালীন কর্মসূচি শুরু করেছে তারা। শীতবস্ত্র, ঈদবস্ত্র বিতরণ ছাড়াও বছরব্যাপী রয়েছে এই সংগঠনের নানাবিধ কার্যক্রম। শীতার্ত মানুষের সঙ্গে উষ্ণতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে সভাপতি ফেরদৌস আহমেদ বলেন, ‘কেউ না কেউ তাকিয়ে আছে আপনার-আমার দিকে। আসুন নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের মাঝে উষ্ণতার বার্তা ছড়িয়ে দেই।’
২০১৫ সালে হোসাইন আহমেদ জুবায়েরের হাত ধরে একদল স্বপ্নবাজ তরুণকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু হয় পাঞ্জেরির। প্রতিষ্ঠাকালে সংগঠনের নাম ছিল ‘ফ্রেন্ডস অব ফিফটিন’। তবে পরে সংগঠনের নামে বেশ পরিবর্তন এলেও লক্ষ্য ও উদ্দেশ্য থেকে এক চুলও সরে আসেনি। সংগঠনটি গত ছয় বছর ধরে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে নদীভাঙন কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, রমজানে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বিশ্বনবীর (সা) জীবন ও সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন ছাড়াও কিছু শিক্ষার্থীর বার্ষিক শিক্ষা ব্যয়ও নির্বাহ করে থাকে।
